এক বছরে সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন হবে সিটি নির্বাচনে :নাসিম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:২৭

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, টানা তৃতীয় মেয়াদের প্রথম এক বছরে সরকার জনগণের জন্য যা যা করেছে তার সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন হবে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে। সচেতন নগরবাসী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মূল্যায়ন করবেন।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সিটি নির্বাচনে যারাই বিজয়ী হোক, তাদের কাছে আমাদের প্রত্যাশা, এক বছরের মধ্যে মশক-মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলবেন। আর চাঁপাবাজি নয়, আমরা ডেঙ্গুমুক্ত ঢাকা চাই। ঢাকায় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও আতিকুল ইসলামকে সজ্জন প্রার্থী হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘একজন মেয়র হিসেবে খুব দ্রুত প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে তাপস, যা অন্য কেউ পারবে না। তাপসের সেই সুযোগ আছে। ক্লিন ইমেজের প্রার্থী তাপস হচ্ছে শেখ মনির সন্তান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী প্রণীল, কণ্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, কবি ও সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।