ক্যাম্প উদ্বোধনে ইসির শোকজ

আতিক বললেন, মিলাদ মাহফিল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:২৯

রিটার্নিং কর্মকর্তার দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম। প্রচারণা শুরুর আগে ক্যাম্পের উদ্বোধনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হলেও আতিকুল জবাবে বলেছেন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল, তাই আচরণবিধি লঙ্ঘন হয়নি। তবে নির্বাচনি ক্যাম্প উদ্বোধনের বিষয়টি জবাবে উল্লেখ করেননি তিনি। বুধবার বিকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কাছে শোকজের জবাবটি পৌঁছে দেওয়া হয়।

নির্বাচনি প্রচারণা শুরুর আগেই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে নিয়ে উত্তরায় নির্বাচনি        ক্যাম্প উদ্বোধন করায় দুটি ধারায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আতিককে শোকজ করা হয়েছিল।

শোকজের জবাবে আতিকুল ইসলাম বলেন, রিটার্নিং অফিসারের ১ জানুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জানুয়ারি ৯টা ৩০ মিনিট থেকে ১০ ঘটিকার মধ্যে মেয়র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং সিটি করপোরেশন (নির্বাচনি আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-৫ অনুযায়ী ১০ জানুয়ারি সকাল ১০টার পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার করা যাবে না, সে সম্পর্কে আমি অবগত আছি। আমার মনোনয়ন উপলক্ষ্যে উত্তরা থানা আওয়ামী লীগ একটি মিলাদ মাহফিলের আয়োজন করে। উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমি যোগদান করি, কিন্তু কোনো প্রকার নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য প্রদান করিনি। এতে সিটি করপোরেশন নির্বাচনি আচরণ বিধিমালা, ২০১৬ এর কোনো বিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে হয় না।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আমরা আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে যে শোকজ নোটিশ দিয়েছিলাম সেটির জবাব পেয়েছি। আমরা ক্যাম্পের বিষয়টি জানতে চেয়েছিলাম, তবে জবাবের চিঠিতে সেটি উল্লেখ নেই। তবে আতিকুল ইসলাম জবাবে বলেছেন আচরণবিধি মেনে চলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ জাতীয় কাজ আর করবেন না।’