সেরা চারে মেহেদীদের ঢাকা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০০:৪০

ব্যাটসম্যানদের ব্যর্থতায় গতকালকের ম্যাচটাও ফসকে যেতে বসেছিল ঢাকা প্লাটুন্সের হাত থেকে। কিন্তু সেই ম্যাচই রক্ষা করলেন মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা ও ফাহিম আশরাফ।

কম রানের ম্যাচে ৬১ রানের বিরাট ব্যবধানে রংপুর রেঞ্জার্সকে হারালো ঢাকা। এই জয়ে তৃতীয় দল হিসেবে এবারের বিপিএলের সেরা চার নিশ্চিত করল মাশরাফির দল। আর এই পরাজয়ে সেরা চারে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেল রংপুরের।

আগে ব্যাট করা ঢাকা ৯ উইকেটে ১৪৫ রান করেছিল। টপ অর্ডারে তামিম রান পেতে ধুঁকতে থাকলেও শেষ পর্যন্ত তিনিই সর্বোচ্চ স্কোরার ছিলেন। ৩৮ বলে ৪০ করেন তামিম। আর লোয়ার অর্ডারে সাদাব খান এসে ১৯ বলে ৩১ রান করে স্কোরটাকে ভদ্রস্থ করেন।

রংপুরের পক্ষে তাসকিন ৩২ রানে ৩টি এবং মুস্তাফিজ ৩৪ রানে ৩টি উইকেট নেন।

জবাবে একেবারে তাসের ঘরের মতো ধসে পড়ে রংপুরের ইনিংস। মেহেদী হাসান আক্রমণে নেতৃত্ব দেন। তিনি মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। আর মাশরাফি ১৮ রানে ২টি এবং ফাহিম আশরাফ ২৬ রানে ২ উইকেট নেন। আল আমিন রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। ৮৪ রানে অলআউট হয় তারা।