রূপগঞ্জে পুলিশ ফাঁড়ির সামনে ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ ৩৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। আহতরা হলেন, উপজেলার ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যানচালক আবুল কাশেম।
ম্যানেজার বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে ডাচ্ বাংলা ব্যাংক ভুলতা শাখা থেকে ২৫ লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। এ টাকা ফ্যাবকোন টেক্সটাইল মিলের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার কথা ছিল। টাকা উত্তোলন করে মিলে ফিরে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে একটি সাদা মাইক্রোবাস আমাদের পিকআপ থামার জন্য সিগন্যাল দেয়। এসময় ডিবি পোশাকে ৮/১০ জন বাবুল মিয়া, কাশেম ও ফারুককে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা বেঁধে পিকআপ ভ্যানসহ সোনারগাঁও এলাকার দিকে চলে যায়। গাড়িতেই তিনজনকে পিটিয়ে সোনারগাঁও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে হাত পা বাঁধা অবস্থায় ফেলে যায়। প্রকাশ্যে ফাঁড়ির নাকের ডগায় ছিনতাইয়ের ঘটনায় ভুলতা এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, তদন্ত চলছে, টাকা ও গাড়ি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
