অল্প সময়েই অভিনয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছেন তাসনিয়া ফারিন। ইউটিউবের কারণে তার পরিচিতির বিস্তৃতি এখন অনেক। এই অভিনেত্রীর বেশ কয়েকটি নাটক ইউটিউবে দর্শকরা দেখেছেন কয়েক কোটি বার। চ্যানেল আইতে আগামীকাল প্রচার হবে তার অভিনীত নাটক ‘কুশলে থাকো’। তরুণ এই অভিনেত্রী সম্প্রতি মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিনের—
কেমন আছেন?
ভালো আছি।
এখন প্রায় সবাই বলে থাকেন, খুব বেছে বেছে কাজ করছি। আপনার ক্ষেত্রেও কী তাই?
আসলে ২০১৯ সালে আমার তেমন কোনো টার্গেট ছিল না। শুধু এটাই মাথায় ছিল, নিজেকে চেনানো। জানি না তা পেরেছি কি-না। তবে আমার যেটা মনে হয়েছে ইন্ডাস্ট্রিতে এখন সবাই জানে ফারিন নামের একটি মেয়ে কাজ করছে। সবারই তো ইচ্ছে থাকে ভালো কাজ করার। সেই ইচ্ছে আমারও আছে। আমি ধীরে ধীরে চ্যালেঞ্জিং কাজগুলো করবো।
নাটক নির্বাচনের ক্ষেত্রে চরিত্র না গল্পকে এগিয়ে রাখবেন?
একটি নাটকের ক্ষেত্রে গল্প, চরিত্র দুটোই সমান গুরুত্বপূর্ণ। যদি গল্পটাই ভালো না হয় সেক্ষেত্রে চরিত্রের কোনো মূল্য থাকে না। আগে গল্পটা বিশ্লেষণ করি, মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। এরপর আমার চরিত্রটা নাটকে কতটুকু সাড়া ফেলবে বা ফুটে উঠবে সেদিকে লক্ষ্য রাখি।
এখন ব্যস্ততা কী নিয়ে?
সামনে ভালোবাসা দিবস, এটাকে সামনে রেখে বেশ কয়েকটি নাটকের কাজ করছি। ফেব্রুয়ারি পর্যন্ত ব্যস্ততা থাকবে। গতবছর টানা কাজ করেছি, এমনকি এ বছরটাও একইভাবে শুরু হয়েছে। তবে এ বছর একটু কম কাজ করতে চাই। নিজেকে একটু বেশি সময় দিতে চাই, পাশাপাশি পরিবার তো আছেই।
সিনেমা নিয়ে ভাবছেন?
স্বপ্ন তো আছেই। কিন্তু অভিনয়ে আরো পরিপক্ক হওয়ার পর ভাববো।
আপনার অভিনয়ের আইডল?
অনেকের অভিনয়ই ভালো লাগে দেশ ও দেশের বাইরের। তবে সুবর্ণা মুস্তাফা আর জয়া আহসানের অভিনয় স্টাইল আমি ফলো করার চেষ্টা করি। তাদের অভিনয় নিয়মিত দেখি। আমার আইডল বলতে তারাই। আর তারিক আনাম খান, সালমান শাহ, জাহিদ হাসান, মোশাররফ করিম, পূর্ণিমা রয়েছেন আমার প্রিয় অভিনয়শিল্পীর তালিকায়।
প্রেম করছেন নিশ্চয়ই! বিয়ে করবেন কবে?
হা হা হা, প্রেম করছি না। আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আপাতত বিয়ে নিয়েও ভাবতে চাই না। অভিনয়ে পরিণত হতে চাই। মনোযোগ দিয়ে অভিনয়টা করতে চাই।
ইত্তেফাক/বিএএফ

