টাঙ্গাইলে আলোচিত ফারুক হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য গ্রহণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৬:৩৩

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন টাঙ্গাইলের তৎকালীন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন। তৎকালীন টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি একজন আসামি ও দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছিলেন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার এই মামলার অন্যতম আসামি জামিনে থাকা সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ অন্য আসামিরা আদালতে হাজির হন। জেলহাজতে থাকা আসামিদেরও উপস্থিত করা হয় আদালতে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদ কবিরের আদালতে সাক্ষ্য দেন মো. শাহাদত হোসেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। সাক্ষীর জন্য আগামী ৩০ জানুয়ারি মামলার তারিখ রাখেন আদালত। চাঞ্চল্যকর এই মামলায় এ নিয়ে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

আরও পড়ুন: সিরিয়াল রেপিস্ট মজনু ৭ দিনের রিমান্ড

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এমপি রানা ও তার তিনভাই সহিদুর রহমান খান মুক্তি, জাহিদুর রহমান খান কাকন ও সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।

ইত্তেফাক/এসি