ইতিহাসের বাঁক ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে খুঁজে পাবে আমাকে
আমাকে খুঁজে পাবে অধিকারের সমরে, শান্তির সুরলোকে
রক্তিম সূর্য আর হরিত্ ফসলের হাসির মাঝে খুঁজে পাবে আমাকে
খুঁজে পাবে সারা বাংলাদেশে।
আমি সেই পুষ্পকুঁড়ি যে তার অপূর্ব পাপড়ি মেলবে আগামী উষায়
আমি সেই হূদয়মথিত উষসী বিহঙ্গের কূজন, সোনারাঙা ফসলের তরি
গুমোট দিনের শীতল বাতাস আমি, বুড়িগঙ্গার প্রতিটি প্রবাহধারা।
আমি আকাশভাঙা মুষলধারার অপূর্ব বারিপাত
সকালের শিশিরঝরা নিস্তব্ধতা আর আগামী প্রসন্ন দিনের
প্রতিটি করুণাধারায় খুঁজে পাবে আমাকে।
এমনকি ঘোরতর অমানিশার মাঝেও প্রচ্ছন্নভাবে আমি
মিশে থাকি তোমাদেরই মাঝে।
প্রভাতের প্রথম প্রভার ভেতরে দেখতে পাবে আমাকে
বাংলার সহস্র নদীর অযুতধারা আর সামান্য নুড়িপাথর-গুল্মলতা এবং
বৃহত্ মহীরুহের মাঝেও খুঁজে পাবে আমায়
এভাবে বাংলাদেশের প্রতিটি বিন্দুর মধ্যে শুনতে পাবে আমার নিশ্বাস।
তোমাদের আমি রক্তঝরা সহস্র সোপানে হাঁটিয়েছি স্বাধীনতার জন্য
তোমাদের আমি মুক্তি দিয়েছি শত বছরের দাসত্বের শৃঙ্খল থেকে
আমি লিখেছি স্বাধীনতার অমরপঙিক্ত
আমি প্রস্তর রাজনীতির মরুতে ফুটিয়েছি কবিতার ফুল
বিপ্লবের বাণী লিখেছি রক্তিম মসিতে
রচনা করতে চেয়েছি শান্তির অমরাবতী।
সুতরাং কেউ যদি মনে করে আমার অস্তিত্ব অস্বীকারে রচিবে ইতিহাস
তিনি তবে সেইজন যে-জন অন্ধ অথচ মনে করেন দৃষ্টিবান।
আমি আর কেউ নই, তোমাদেরই লোক, টুঙ্গিপাড়ার শেখ মুজিব;
নিত্য আমাকে খুঁজে নিয়ো তুমি
নিশান্তের কুসুমে কুসুমে।
ইংরেজি থেকে অনুবাদ : তাপস কুমার দত্ত
কবির A Nation Confesses কাব্য (অবসর, ২০১৪) থেকে
