মঠবাড়িয়া পৌরসভার প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল সড়কের দুর্ভোগে পৌর নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার ভুক্তভোগী পৌরবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান। উপজেলা রিকশা-ভ্যান-অটো মালিক শ্রমিক ইউনিয়নের ডাকে পৌর ভবনের সামনের বেহাল সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আরিফ-উল-হক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদউদ্দিন পলাশ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নাজমুল আহসান কবির, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. কামরুল আকন প্রমুখ।
সমাবেশে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা হতে থানাপাড়া সেতু পর্যন্ত এক কিলোমিটার বেহাল সড়ক সংস্কারের জোর দাবি জানান। উল্লিখিত সময়ের মধ্যে সড়ক নির্মাণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
