রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, রংপুর নগরীর কোটারপাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেওয়া (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগীয় প্রধান ডাক্তার এম এ হামিদ পলাশ জানান, তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা আরেফা ও মনোয়ারা দগ্ধ হয়েছিলেন। গত ৪ জানুয়ারি তারা বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চিকিত্সাধীন অবস্থায় দগ্ধ ৯ জন মারা গেছেন। এদের মধ্যে সাত জন নারী ও দুই জন শিশু।
