মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪২

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ক্ষণগণনা। এ নিয়ে জেলা উপজেলাগুলোতে নানা প্রস্তুতি। ইত্তেফাকের চট্টগ্রাম অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চট্টগ্রাম : নগরীতে ক্ষণগণনার জন্য প্রস্তুত চারটি ঘড়ি। নগরীর চারটি স্থানে এসব ঘড়ি স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে এসব ঘড়ি উদ্বোধন করবেন। কেন্দ্রীয় অনুষ্ঠানটি বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সরাসরি প্রদর্শন করা হবে।

রাজশাহী : বিকাল ৩টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকাবাসীকে মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে একই সময়ে রাজশাহী নগরভবন ও সাহেববাজার জিরোপয়েন্টে মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। 

নাটোর : মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে মুজিববর্ষ উদ্যাপনের ক্ষণগণনা যন্ত্র প্রতিস্থাপন কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে ৭৭ দিনের ক্ষণগণনা করে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত দিবসে মুজিববর্ষের সূচনাতে ক্ষণগণনাকাল শেষ হবে। একই সাথে জেলার ছয়টি উপজেলা এলাকাতেও ক্ষণগণনা যন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

মাদারগঞ্জ (জামালপুর) : শহিদ মিনারে জাতীয় কর্মসূচির প্রদর্শনী, প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার ও মুজিববর্ষের কাউন্ট ডাউনের উদ্বোধন বিষয়ক প্রেস বিফিং করেছে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।