পীরগাছায় রফিকুল ইসলাম নামের এক পল্লি পশু চিকিত্সককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন দুই মাদক ব্যবসায়ী। মোবাইল কলের সূত্র ধরে তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই জন হলো ফারুক মিয়া ও বাবলু মিয়া।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার অন্নদানগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা পূর্বশত্রুতার জের ধরে ইয়াবা দিয়ে রফিকুল ইসলামকে ফাঁসানোর কথা স্বীকার করে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, গ্রেফতার দুই জন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পীরগাছা থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তারা রফিকুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
