রাইসমিল মালিকের কাছ থেকে ঘুষ নেওয়া ১ লাখ টাকাসহ মো. ইলিয়াস হোসেন নামে এক খাদ্য কর্মকর্তা গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা অফিস। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া উপজেলা খাদ্য গুদামের কার্যালয় থেকে দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া বাদী হয়ে সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। দুদক সূত্র জানায়, উপজেলার জামান অটো রাইসমিলের মালিকের ১১ লাখ টাকার একটি বিল প্রদানের ক্ষেত্রে খাদ্য কর্মকর্তা গড়িমসি ও টালবাহানা করছিলেন। এক পর্যায়ে বিলটি ছিড়ে দিতে ঐ কর্তা তার কাছে মোটা অঙ্কের ঘুষের দাবি করেন। বিষয়টি রাইসমিল মালিক কামরুজ্জামান দুদককে জানান। সে অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামরুজ্জামান খাদ্য কর্মকর্তা ইলিয়াস হোসেনকে একটি খামে করে ১ লাখ টাকা প্রদান করেন। এ সময় দুদক কর্মকর্তারা ড্রয়ারে রাখা ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ে নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক মো. শাওন মিয়া গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।
