বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গাজীপুর সিটির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন
গাজীপুর প্রতিনিধি বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. মার্সি টেম্বন গত বুধবার গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান. প্রধান প্রকৌশলী আকবর হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের জয়দেবপুর, কাউলতিয়া, পূবাইল, গাছা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে কান্ট্রি ডিরেক্টর সন্তোষ প্রকাশ করেন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। পরে নগরের সড়ক নির্মাণ, পয়:নিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ে গাছা আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব উন্নয়ন কার্যক্রমে গাজীপুর সিটি করপোরেশনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
শিশু সুরক্ষায় ওরিয়েন্টেশন কর্মশালা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাশনে শিশু সুরক্ষায় হেল্প লাইন ১০৯৮ এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা।
পায়ে লিখে জেডিসি পাশ রাসেলকে হুইলচেয়ার বিতরণ
নাটোর প্রতিনিধি পায়ে লিখে জেডিসি পাশ নাটোরের সিংড়ার কিশোর রাসেলকে হুইলচেয়ার দিলেন সিংড়ার ইউএনও সুশান্ত কুমার মাহাতো। বৃহস্পতিবার দুপুরে ইউএনও সুশান্ত কুমার মাহাতো মিষ্টি ও হুইলচেয়ার নিয়ে অদম্য মেধাবী রাসেলের বাড়িতে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আল আমিন সরকার, সাংবাদিক ও পরিবেশ কর্মী মো. সাইফুল ইসলাম। প্রতিবন্ধী রাসেল সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে সম্প্রতি ৩.৩৯ পেয়ে জেডিসি পাশ করেছে।
অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে বৃহস্পতিবার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়। পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আ. হামিদ প্রমুখ।
বিনামূল্যে সার ও বীজ বিতরণ
আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১৯ টন সার ৬০০ কেজি ভুট্টা, সূর্যমুখী ২৪৮ কেজি, চিনাবাদাম ৪০০ কেজি, মুগ ডাল ১ হাজার ১৭৫ কেজি বিতরণ করা হয়। সার বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা-১ আসনের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উদ্বোধনী সভায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন সভাপতিত্ব করেন।
শিবচরে কৃষি যন্ত্রপাতি বিতরণ
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচরে বৃহস্পতিবার কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায় এআইএফ-২ উপপ্রকল্পের পাঁচটি সিআইজির অনুকূলে ম্যাচিং গ্রান্টের এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জি এম এ গফুর।
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় বৃহস্পতিবার ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচারণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সহকারী পরিচালক (ডি এম ও) মো. সাহাব উদ্দিন আহম্মেদ, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মাহামুদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী হাসান, থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমাদুল হক খান প্রমুখ।
মনোয়ারা বেগম মহিলা কলেজে অভিভাবক সমাবেশ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজের উদ্যোগে বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ হলরুমে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহম্মেদ। ২০২০ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম শাহীন, মো. ফারুক, প্রভাষক মো. আবুল বাশার, অভিভাবক পক্ষে মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
