শেষ ১০টা টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে মোটে একবারই হারাতে পেরেছে শ্রীলঙ্কা। ফলে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে এগিয়ে থাকবে ভারতই। স্বাগতিকরাও জয়ের লক্ষ্য নিয়েই পুনেতে লঙ্কানদের মুখোমুখি হবে।
আগের ম্যাচে তিন উইকেট পাওয়া শার্দুল ঠাকুর ম্যাচটিকে অবশ্য সহজ মানছেন না। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি অনেক ছোটো। তবে এটা এমন একটা ফরম্যাট যেখানে অল্প সময়েই অনেক উত্থান-পতন হয়। যত খেলবেন, তত আপনি অভিজ্ঞ হবেন। প্রতিদিনই নতুন কিছু শিখবেন। তাই প্রতিপক্ষই যেই হোক, আমরা শেখার মানসিকতা নিয়েই রোজ মাঠে নামি। পুনেতেও তার ব্যতিক্রম হবে না। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা নামবো মাঠে।’
যদিও টিম ম্যানেজমেন্ট শেষ ম্যাচে সিরিজ ভাগাভাগি হয়ে যাওয়ার সুযোগ থাকার পরও একাদশে আনতে পারে একাধিক পরিবর্তন। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবী:শীর্ষ কয়েকজন ক্রিকেটার এই ম্যাচে বিশ্রাম পাবেন।
সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে ইন্দোরে সাত উইকেটে বিশাল জয় পেয়েছে বিরাট কোহলির ভারত। ফলে শ্রীলঙ্কার সিরিজ জয়ের সুযোগ আর নেই। যদিও শেষ ম্যাচকে সামনে রেখে জয়ে ফিরতে মরিয়া শ্রীলঙ্কাও। অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে চান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সুযোগ দিতে হবে, যাতে করে তারা নিজেদের মেলে ধরতে পারে। আমরা জানি অ্যাঞ্জেলো ম্যাথুস কতটা অভিজ্ঞ তার ওপর ভরসা রাখতেই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। সিরিজটা অন্তত ড্র করেই ফিরতে চাই।’
