জিতলেই সেরা চারে খুলনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৬

বঙ্গবন্ধু বিপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে রংপুর রেঞ্জার্স। দারুণ সব ক্রিকেটারে ঠাসা দলটার সেরা চারে খেলার আশা শেষ হয়ে গেছে। শেন ওয়াটসন, মুস্তাফিজ-তাসকিন, নবীদের নিয়েও সেরা চারে খেলার লক্ষ্যপূরণে ব্যর্থ রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায়ের আগে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিরুদ্ধে খেলবে রংপুর। আজ বিপিএলের সপ্তম আসর শেষ হয়ে যেতে পারে কুমিল্লা ওয়ারিয়র্সের জন্যও। দিনের দ্বিতীয় ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া কুমিল্লা খেলবে খুলনা টাইগার্সের বিরুদ্ধে।

তবে আজ খুলনাকে হারাতে পারলে সেরা চারে খেলার আশা বাঁচিয়ে রাখতে পারবে কুমিল্লা। তখন তাদের পয়েন্ট হবে ১২। অবশ্য সেই আশাও বেশি দীর্ঘায়িত হবে না। সমীকরণের সুঁতোয় টিকে থাকবে তাদের আশা। কারণ আগামীকাল ঢাকা প্লাটুনের বিরুদ্ধে আবার খুলনা জিতে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে কুমিল্লা। ১০ ম্যাচে খুলনার পয়েন্ট এখন ১২। আজ কুমিল্লার কাছে হারলেও সেরা চারের দৌড়ে এগিয়ে থাকবে খুলনা। আর কুমিল্লার বিরুদ্ধে জিতে গেলে খুলনা সেরা চারে খেলা নিশ্চিত করে ফেলবে আজই।

জয়ের মিশনেই মিরপুর স্টেডিয়ামে আজ কুমিল্লার বিপক্ষে নামবে খুলনা। গতকাল বিসিবি একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলন করেছে দলটি। একদিন বিরতি পাওয়ায় অনেক ক্রিকেটারই বিশ্রাম নিয়েছেন। সেরা চারে খেলার আত্মবিশ্বাস জানতে চাইলে খুলনার কোচ জেমস ফস্টার বলেছেন, ‘সেরা চারে খেলার জন্য আমরা আত্মবিশ্বাসী কিনা এটা অপ্রাসঙ্গিক। আমরা প্রতিটি ম্যাচই জয়ের জন্য খেলি। আমাদের ফোকাস আবার কুমিল্লার বিপক্ষে খেলা। এটা নিয়েই আমরা পরিকল্পনা করছি।’

গত ৮ জানুয়ারি কুমিল্লাকে ৩৪ রানে হারিয়েছিল খুলনা। আজ ফিরতি ম্যাচে তাই জয় পেতে মুখিয়ে থাকবে কুমিল্লাও। তবে ম্যাচ জিতে সেরা চারে নাম লিখিয়ে নিশ্চিতভাবেই নির্ভার হতে চাইবে মুশফিকুর রহিমের খুলনা। কুমিল্লাকে হারালে তাদের পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে সেরা চারের চারটি দলও নিশ্চিত হয়ে যাবে আজ।