‘উপরি অর্থের জন্যই সৌদিতে সুপারকাপ’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৬

নতুন কাঠামো, নতুন ভেন্যুতে স্প্যানিশ সুপার কাপ শুরু হয়েছে গত বুধবার। তবে সৌদি আরবে অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের চেয়ে পুরনো কাঠামোটাই বেশি পছন্দ বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দের। তিনি জানান, উপরি অর্থের জন্যই স্পেন ছেড়ে মধ্যপ্রাচ্যে টুর্নামেন্টটাকে নিয়ে এসেছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

আগের কাঠামোয় প্রতিটি লিগ মৌসুমের শুরুতে লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়ন একে অপরের মুখোমুখি হতো। তবে নতুন কাঠামোয় খেলছে চারটি দল। যেখানে লিগের শীর্ষ দুই দল আর কোপা দেল রের দুই ফাইনালিস্ট। ভেন্যু আর সময়েও এসেছে পরিবর্তন। আগের নিয়মে লিগ শুরুর হোম আর অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হলেও এখন খেলা হচ্ছে লিগের মাঝামাঝি পর্যায়ে, নিরপেক্ষ ভেন্যুতে।

বার্সা কোচ এই পদ্ধতি-বদলের পেছনে কর্তৃপক্ষের দায় দেখছেন। বাড়তি অর্থ আয়ের আকাঙ্ক্ষাই সুপারকাপকে স্পেন ছেড়ে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে, অভিমত স্প্যানিশ এই কোচের। তিনি বলেন, ‘মূল কথাটা হচ্ছে ফুটবলটা ব্যবসায় পরিণত হয়েছে, ফলে এ থেকে আয়ের দিকটাও দেখা হয়। এ কারণেই আমরা এখানে এসেছি।’

লিওনেল মেসিদের গুরু কোনো রাখঢাক ছাড়াই জানালেন, পুরনো কাঠামোতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি। ভালভার্দের ভাষ্য, ‘আমরা যে কাঠামোয় অভ্যস্ত তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন একটা কাঠামো। এটা প্রথম শিরোপা এবং মৌসুমের উদ্বোধনী টুর্নামেন্ট ছিলো। আমার মতে সেটাই ভালো ছিলো।’

তবে খেলার দৃষ্টিকোণ থেকে দেখে নতুন কাঠামোকে ‘চিত্তাকর্ষক’ও আখ্যা দেন কাতালান দলটিকে দুই মৌসুমে চারটি শিরোপা জেতানো এই কোচ। তিনি বলেন, ‘এটা বদলে গেছে এবং এটা অনুষ্ঠিত হওয়ার পরই কেবল একে পর্যালোচনা করা যাবে। এটা চিত্তাকর্ষক, চারটা ভালো দল খেলছে এখানে। খেলাটার দিক থেকে ভাবলে এমনই মনে হচ্ছে, আমি নিশ্চিত নই।’

সৌদি আরবে টুর্নামেন্ট হওয়া ঘোষণা আসার পরই স্পেনে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। তবে এ ঘোষণা নারী দর্শকদের মাঠে আসার সুযোগ দেয়ার সিদ্ধান্তের পরই এসেছে। এছাড়াও এ টুর্নামেন্টের অংশগ্রহণের অর্থ নিয়েও আছে অসন্তোষ। কাপ চ্যামিপয়ন হয়ে টুর্নামেন্টে আসা ভ্যালেন্সিয়া এ আসর থেকে পাবে মোটে দুই মিলিয়ন ইউরো। যেখানে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ পাবে ছয় মিলিয়ন আর অ্যাটলেটিকো পাবে তিন মিলিয়ন ইউরো। এ কারণেই ভ্যালেন্সিয়া এখানে অসন্তোষ জানিয়েছিল।