ভারতকে বার্তা দিলেন ওয়ার্নার-ফিঞ্চ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৮

নিজেদের মাটিতে বিরাট কোহলির দল এখন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজ শেষ হতে না হতেই চলে আসবে অস্ট্রেলিয়া দল। আর এই সিরিজকে সামনে রেখেই ভারতের উদ্দেশে বার্তা দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার দুই শীর্ষ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

ওয়ার্নার বলেন, ‘ভারত, আমরা আসছি। আশা করি সামনে আমাদের জন্য তিনটা দারুণ ম্যাচ অপেক্ষা করছে। আমাদের ভারতীয় ভক্তদের দেখার অপেক্ষায় আছি। মনে হয় না, কোনো দলের জন্যই লড়াইটা খুব সহজ হবে।’

আগামী ১৪ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ১৯ জানুয়ারি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট ও ব্যাঙ্গালুরুতে।

ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দেশ ছাড়ার আগে অধিনায়ক অ্যারন ফিঞ্চ শোনালেন আশারবাণী। আর তার আশার কারণ হলো, গেল বছর ভারতের মাটিতে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে ওয়ানডেতে হারিয়ে গেছে অজিরা।

ফিঞ্চ বলেন, ‘গেল বছরের সিরিজটা আমাদের অনেক আত্মবিশ্বাসী করছে। কন্ডিশনের ব্যাপারে ভালো বোঝাপড়া আছে আমাদের। উপমহাদেশের সফরগুলোতে বরাবরই আমাদের পরিকল্পনা সাজাতে যথেষ্ট বেগ পেতে হয়। এখানেই প্রতিপক্ষগুলো আমাদের চেয়ে এগিয়ে থাকে। হোক সেটা ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা। ওরা আমাদের দ্বিধার মধ্যে ফেলে দেয়। শেষ ভারত সফরে আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরেছি। সেজন্যই আমরা এবার আত্মবিশ্বাসী।’

ছয় মাসেরও কম সময়ে সামান্য একজন ব্যাটসম্যান থেকে টেস্ট র্যাংকিংয়ের সেরা চারে চলে আসা মার্নাস লাবুশেনের এবারই অভিষেক হবে ওয়ানডেতে। তার ওপর ভরসার কোনো শেষ নেই ফিঞ্চের। অধিনায়ক বলেন, ‘ওর (লাবুশেন) যা ফর্ম তাতে, আমার মনে হয় না ওয়ানডেতে বা ভারতের কন্ডিশনে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে। এটা তার জন্য দারুণ একটা সুযোগ। আমি বিশ্বাস করি, এটা সে কাজে লাগাবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই ভারতীয় দল চলে যাবে নিউজিল্যান্ডে। জানুয়ারির শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত কেন উইলিয়ামসের দলের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। আগামী ২৪ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি

ম্যাচ                                        দিন

প্রথম ওয়ানডে                           ১৪ জানুয়ারি

দ্বিতীয় ওয়ানডে                         ১৭ জানুয়ারি

তৃতীয় ওয়ানডে                          ১৯ জানুয়ারি