মুক্তির জন্য সামগ্রিক যুদ্ধ আজও শেষ হয়নি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৫১

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরেও মুক্তির জন্য সামগ্রিক যুদ্ধ আজও শেষ হয়নি। মুক্তিযুদ্ধে পরাজিতরা এখনো নিঃশেষ হয়নি। তাদের ধারাবাহিকতায় নতুন শত্রু মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারণে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে গড়তে তাকে মনে ধারণ করে আমাদের সঞ্জিবনী শক্তিকে উজ্জীবিত করতে হবে। আমাদের আত্মস্থ করতে হবে আমরা কোথায় পৌঁছতে চাই। মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বক্তৃৃতা-বিবৃতিতে নয়, সবচেয়ে বড়ো প্রয়োজন মনে-প্রাণে ধারণ করা। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টার যে যুদ্ধ, তা আজও শেষ হয়নি।’

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী শাসকরা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। তারা সেদিন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়েছিলেন। তত্কালীন শাসক জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর খুনিদের উত্সাহ প্রদান করেছিলেন। এ জন্য সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় বলা হয়েছে জিয়াউর রহমান রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র দখলকারী তস্কর।’ তিনি বলেন, ‘এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানের দেশ। শেখ হাসিনা ক্ষমতায় এসে যুক্ত করেছেন কোনো বিশেষ ধর্মের ব্যক্তি আলাদা সুযোগ-সুবিধা পাবেন না। সকলের জন্য রাষ্ট্রীয় সুবিধা এক থাকবে। ৭২ এর সংবিধানের ধারণা তিনি পুনরায় প্রতিস্থাপন করেছেন।’

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. মো. সামাদ প্রমুখ।