আওয়ামী লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৫৩

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন। দলের গত ২০ ও ২১ ডিসেম্বরের সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে তিনি এ মনোনয়ন প্রদান করেন। একই সঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রসঙ্গত, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আটটি সাংগঠনিক সম্পাদকের পদ রয়েছে। এর মধ্যে ২১ ডিসেম্বর কাউন্সিল অধিবেশন থেকেই পাঁচ জনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে গত ২৮ ডিসেম্বর এ পদে আরো দুজনের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়ায় এ পদ সম্পূর্ণ হলো।

একই প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব বণ্টনের কথাও জানানো হয়। এতে বলা হয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দায়িত্ব পালন করবেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের। ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ড. হাছান মাহমুদ রংপুর ও রাজশাহী বিভাগ এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগের। বি এম মোজাম্মেল হক কাজ করবেন খুলনা বিভাগ নিয়ে। আবু সাঈদ আল মাহমুদ স্বপন দায়িত্ব পালন করবেন রংপুর বিভাগের। এস এম কামাল হোসেন রাজশাহী বিভাগে, মির্জা আজম ঢাকা বিভাগ, আফজাল হোসেন বরিশাল বিভাগ, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগ এবং সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন সিলেট বিভাগের।

রবিবার সম্পাদকমণ্ডলীর প্রথম সভা

এদিকে আগামী ১২ জানুয়ারি রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির সম্পাদকমণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।