কীর্তনখোলার দখল-দূষণ ঠেকাতে মাঠে নেমেছে বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দর কর্মকর্তার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নৌবন্দর সংলগ্ন নদীর তীরে ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। শতাধিক শ্রমিক নিয়োগ করে দিনব্যাপী এ অভিযানে প্রায় অর্ধশত স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএর বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, লঞ্চ থেকে নদীতে ময়লা-আবর্জনা না ফেলতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কীর্তনখোলা দখল ও দূষণমুক্ত করতে শুরু হওয়া এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এদিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন বহুমুখী সিটি মার্কেটের কাঁচাবাজারে বুধবার রাতে আকস্মিক অভিযান চালায় বিআইডব্লিউটিএ। অভিযানে সাতটি অবৈধ দোকান উচ্ছেদসহ ক্যারাম খেলার নামে জুয়ার আসর বন্ধ করে দেওয়া হয়।
