কাল ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:১৭

আগামীকাল শনিবার সারাদেশে প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, শনিবার সারাদেশে যথাযথ মর্যাদায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন করতে যাচ্ছি। তবে বিশ্ব ইজতেমার কারণে গাজীপুরে ২৫ জানুয়ারি এ কর্মসূচি উদ্যাপিত হবে। মন্ত্রী বলেন, ঐদিন ছয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সের প্রায় ২ কোটি ১০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি চলবে। তিনি বলেন, দেশে স্বাধীনতার পরে  রাতকানা রোগের হার ছিল ৪ শতাংশের ওপরে। এখন এ হার কমে ১ শতাংশের নিচে নেমে এসেছে।