সাটুরিয়ায় গলা কেটে মা, ছুরিকাঘাতে ছেলে খুন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:১৯

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মা ও তার শিশু সন্তান খুন হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর কাওন্নারা গ্রাম থেকে মা ও তার শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হলেন—পারভীন আক্তার (২৫) ও তার ছোটো ছেলে নূর হোসেন (৬)। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা মজিরন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা ও তদন্ত (ওসি) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার উত্তর কাত্তন্নারা গ্রামের আব্দুর রহমানের ছেলে সৌদিপ্রবাসী মো. মজনু মিয়ায় স্ত্রী পারভীন আক্তার ঐ বাড়ির দোতলার একটি ইউনিটে ছেলেকে নিয়ে এবং পাশের আরেক ইউনিটে পারভীন আক্তারের শ্বশুর-শাশুড়ি ও তার স্বামীর দুই ভাই পরিবার নিয়ে থাকতেন। প্রতিদিনের মতো বুধবার খাবার শেষে রাত ১০টার দিকে পারভীন আক্তার ও তার ছোটো ছেলে নূর হোসেনকে নিয়ে ঘুমাতে যায়। প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর নূর হোসেন তার দাদার কাছে আরবি পড়ত। গতকাল বৃহস্পতিবার আরবি পড়তে না আসায় দাদা আব্দুর রহমান খোঁজ নিতে যান এবং গিয়ে পারভীন আক্তারের কক্ষের দরজা খোলা পান এবং ভেতরে ঢুকে তার পুত্রবধূ পারভীন আক্তার ও নাতি নূর হোসেনের রক্তমাখা লাশ দেখতে পান।

এ ব্যাপারে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা বলেন, পারভীন আক্তারকে গলা কেটে ও শিশু নূর হোসেনকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং দুর্বৃত্তরা কি কারণে মা ও ছেলেকে হত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না।