ফজলে হাসান আবেদ দেশের জন্য যথেষ্ট সম্মান নিয়ে এসেছেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২২:২০

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ বছরের প্রথম ও শীতকালীন এই অধিবেশন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকাল সোয়া ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে স্পিকার সবাইকে স্বাগত জানিয়ে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মুজিববর্ষেরও শুভেচ্ছা জানান তিনি। এরপর স্পিকার শিরীন শারমিন চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। পরে শোকপ্রস্তাব উত্থাপন করেন। সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার জীবন ও কাজের ওপর আলোচনা করা হয়। শোকপ্রস্তাব উপস্থাপনের পর গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের জীবনের ওপর আলোচনা হয়। এই আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজনীতির পাশাপাশি চিকিত্সা পেশায়ও সক্রিয় ছিলেন ইউনুস আলী। তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে বিনা পয়সায় চিকিত্সা ও ওষুধ দিতেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির বিষয়ে বলেন, বাপ্পি চমত্কার বক্তব্য দিতেন। ভবিষ্যতে রাজনীতিতে তার আরো উজ্জ্বল সম্ভাবনা ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাপ্পি আমাদের মামলাগুলোতে লড়েছেন। তার মৃত্যু মেনে নেওয়া কঠিন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী প্রমুখের কথাও স্মরণ করেন। শেখ হাসিনা বলেন, ফজলে হাসান আবেদ দেশের জন্য যথেষ্ট সম্মান নিয়ে এসেছেন। আমিই তাকে ব্র্যাক ইউনিভার্সিটি এবং ব্যাংক দিয়েছিলাম। তার কাজের ফলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

শোকপ্রস্তাবের ওপর অন্যদের মধ্যে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সরকারি দলের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা প্রমুখ আলোচনায় অংশ নেন। পরে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব সংসদে গৃহীত হয়। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠক মুলতবি করা হয়। কিন্তু বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ায় মরহুম ডা. ইউনুস আলী সরকারের সম্মানে অধিবেশন কিছুক্ষণ মুলতবি রাখা হয়, এর সঙ্গে মাগরিবের বিরতিও দেওয়া হয়। বিরতির পর রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।

সভাপতিমণ্ডলী :সংসদের চলমান অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—অধ্যাপক আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নূর। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদের বৈঠক পরিচালনা করবেন।

যাদের জন্য শোক :বর্তমান সংসদের সদস্য ইউনুস আলী সরকার, সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য আবদুল কাদের, সাবেক এমপি ইকবাল হোসেন, এবাদত হোসেন মণ্ডল ও গুলজার আহমদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব উত্থাপিত হয়। এছাড়া কূটনীতিবিদ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী, সাবেক বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত পদার্থবিজ্ঞানী মুক্তিযোদ্ধা অজয় রায়, কবি ও স্থপতি রবিউল হুসাইন, মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, বীরাঙ্গনা আফিয়া খাতুন খঞ্জনি, রাহেলা বেগম, এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্সের মা সুফিয়া খন্দকার, এমপি আখতারুজ্জামানের মা ফাতেমা খানমের মৃত্যুতেও শোক জানায় সংসদ। তেহরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, অস্ট্রেলিয়ার দাবানল এবং দেশে-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণেও শোক জানানো হয়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠক :অধিবেশন শুরুর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে এ অধিবেশন ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালানোর এবং প্রতিদিন বিকাল ৪টায় বৈঠক শুরু করার সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে।

তাপসের আসন শূন্য বলে জানালেন স্পিকার :স্পিকার সংসদকে অবহিত করে বলেন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস গত ২৯ ডিসেম্বর আমার কাছে নিজ স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিধি অনুযায়ী তার চিঠি গৃহীত হওয়ায় ঢাকা-১০ আসনটি শূন্য হয়েছে।