পাকিস্তান সফর

সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বিসিবি

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০০:৩৬

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। যদিও গতকালই সিদ্ধান্ত জানানো হবে বলে সংবাদমাধ্যমকে বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু গতকাল কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে। বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরো একটু কালক্ষেপণ করতে যাচ্ছে বিসিবি। আগামী সপ্তাহের শুরুতেই আসতে পারে ঘোষণা।

আগামী ১২ জানুয়ারি বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেদিনই আসতে পারে পাকিস্তান সফর সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা। জানতে চাইলে গতকাল বিসিবির এক পরিচালক বলেছেন, ‘আজ-কাল কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমার মনে হয় রবিবার জানা যাবে, শেষ পর্যন্ত কি হচ্ছে।’

নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশের অনেক ক্রিকেটার, কোচ পাকিস্তান সফরে যাবেন না। বিসিবি তিন টি-২০-র জন্য পাকিস্তানে বাংলাদেশ দলকে পাঠাতে চায়। পিসিবি চায় এখন দুটি টেস্ট খেলুক বাংলাদেশ।

এদিকে গতকাল বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় ছিল পিসিবিও। পরে দেশটির সংবাদমাধ্যমকে পিসিবি জানিয়েছে, সফর সংক্রান্ত সিদ্ধান্ত আরো একটু সময় চাইছে বিসিবি। আগামী সপ্তাহে নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিবি।