রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় অব্যাহতভাবে চলছে আন্দোলন। গতকাল বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে বেশ কয়েকটি সংগঠনের ব্যানার ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। বিকালে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ধর্ষণবিরোধী পদযাত্রা করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। বিকাল ৪টায় লাঠি মিছিল করেন ছাত্রীরা।
ধর্ষণবিরোধী পদযাত্রায় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক। তিনি বলেন, ধর্ষক গ্রেফতার হলেও কেন সাধারণ মানুষ ধর্ষক নিয়ে সন্দেহ এবং সংশয়ের মধ্যে আছে তার কারণ হলো পুলিশ প্রশাসনের ওপর মানুষের আস্থা কমে গেছে। তিনি সরকারকে প্রশাসনের ওপর যেন জনগণ আস্থা রাখতে পারে সেজন্য কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ নেত্রীদের দ্বারা নারী অধ্যাপক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এদিকে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। দুপুর ১টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ধর্ষক মজনুর কুশপুত্তলিকা তৈরি করে তা পোড়ান গণরুমের শিক্ষার্থীরা।
