ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারাদেশে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এটিএম গোলাম মাওলা চৌধুরী, শহিদুল্লাহ কায়সার, আতিকুর রহমান, মোবাক্কারুল ইসলাম নবাব, সুলতানা আহমেদ, নবী উল্লাহ নবী, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয়, শনিবারের বিক্ষোভ সমাবেশে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনও উপস্থিত থাকবেন।
