আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘আসন্ন ঢাকা সিটি নির্বাচন বিতর্কিত করার জন্য বিএনপি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিডিয়া টকশো সবখানে বলছে, আমরা জোর করছি, সব চেষ্টা করেছি, আমরা নাকি তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল করাব। কিন্তু কেন করব? আমরা তো সাদেক হোসেন খোকা না। ২০০২ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হয়েছেন। তারা আওয়ামী লীগকে দাঁড়াতেই দেননি।’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের অভিযোগেরও জবাব দেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘মওদুদ আহমদ কাজ করতে পারে, ঘরে ঘরে যাইতে পারে, বক্তৃতা দিতে পারে, কিন্তু আমরা পারি না। কী নির্বাচন কমিশন! তোফায়েল আহমেদ বলেন, ‘একটাই কথা, আমরা যাকে সমর্থন দিয়েছি তার হয়ে কাজ করতে হবে। আমরা সমর্থন পরিবর্তন করব না। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই, তারা প্রত্যাহার করেন।’
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকা থেকে যে দলের জন্ম সে দল কখনো গণতান্ত্রিক হতে পারে না।’ জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেনের উদ্দেশে শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর উনি কোনো স্টেটমেন্ট দেননি। একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তি এক, আপনি তাদের সঙ্গে হাত মেলালেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আজকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি শেখ হাসিনার ওপর ভরসা রাখেন না। যিনি দেশকে অন্ধকার থেকে টেনে তুলেছেন, অর্থনৈতিক উন্নয়ন এনে দিয়েছেন, তারা তার (শেখ হাসিনার) ওপর ভরসা রাখতে পারেন না।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
