ভরা পূর্ণিমায় আজ চন্দ্রগ্রহণ

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ০১:০৫

আজ শুক্রবার পৌষের ভরা পূর্ণিমার রাতে আকাশের বুকে অবলোকন করা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। ধবল জোছনা মিলিয়ে যাবে, চাঁদ ঢেকে যাবে পৃথিবীর বাইরের ছায়ায়। টানা ৪ ঘণ্টা ৫ মিনিট ধরে চাঁদের মুখ ঢেকে যাবে পুরোপুরি। এই গ্রহণে সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় না থেকেও গ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের আকাশে গ্রহণটি দেখা যাবে। এশিয়ার দেশগুলোসহ অস্ট্রেলিয়া, আফ্রিকার দেশগুলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের দেশগুলো থেকে দেখা যাবে এই দৃশ্য।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৭ মিনিট ৪৫ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। শেষ হবে শুক্রবার দিনগত রাত ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে। রাজধানী ঢাকা থেকে রাত ১১টা ৭ মিনিটে এই গ্রহণ দেখা যাবে। এছাড়া ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে ১১টা ৫ মিনিটে, সিলেট থেকে ১০টা ৫৯ মিনিটে, খুলনা থেকে ১১টা ১৩, বরিশাল থেকে ১১টা ১০ এবং রাজশাহী থেকে ১১টা ১৩ মিনিটে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।