যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রীর স্বীকৃতি প্রদানকে পুরো জাতির অর্জন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমি পুরস্কৃত হয়েছি। আসলে আমি তো পুরস্কৃত হয়নি, পুরস্কৃত হয়েছে পুরো জাতি, প্রধানমন্ত্রীসহ দেশের সকল মানুষ, এটা সবার পুরস্কার। বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়ন হয়েছে সেসব বিবেচনায় এ পুরস্কার।’ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গত ২ জানুয়ারি বাংলাদেশের অর্থমন্ত্রীকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করে যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পত্রিকা ‘দ্য ব্যাংকার’। সারা বিশ্বের অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ বিবেচনা করে এ পুরস্কারে ভূষিত করা হয়।
মুস্তফা কামাল বলেন, ‘পত্রিকাটি আমাদের সক্ষমতার জায়গাগুলো উল্লেখ করেছে। পাশাপাশি আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি বা আগামীতে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলো কীভাবে মোকাবিলা করব, সে বিষয়ে তারা আমার মতামত জানতে চেয়েছে।’
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সুনামখ্যাত প্রতিষ্ঠান বলছে ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে অতিক্রম করে এগিয়ে যাব। এই যে আমাদের সক্ষমতার জায়গাগুলোর কথা বলা হচ্ছে এর কারণ হচ্ছে—আমরা নীতি ও পরিকল্পনায় দৃঢ়ভাবে এগুচ্ছি। একটি শক্ত জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।
