আরো উন্নতি চান সেই নায়করা

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩১

প্রথম টেস্ট জয়ের ১৫ বছর

স্পোর্টস রিপোর্টার

গতকাল ছিল ১০ জানুয়ারি। ২০০৫ সালের এই দিনটাতে বাংলাদেশ তার ইতিহাসের প্রথম টেস্ট জিতেছিল। সেই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন এনামুল হক জুনিয়র। প্রথম ইনিংসে ৮৯ রান করে ভিত গড়ে দিয়েছিলেন রাজিন সালেহ। ঘটনাচক্রে ১৫ বছর পর সেই দুই নায়কই কাল ছিলেন মিরপুর স্টেডিয়ামে। এই সুযোগে তারা স্মৃতিচারণ করলেন, ফিরে দেখলেন সেই প্রথম জয়ের ম্যাচটা। আর সঙ্গে জানিয়ে দিলেন এই ১৫ বছরে আরেকটু বেশি উন্নতি আশা করেছিলেন তারা।

প্রথম জয়ের সেই ম্যাচের সেরা খেলোয়াড় এনাম জুনিয়র বলছিলেন, ইতিহাসই তাদের স্থান ঠিক করে দিয়েছে, ‘একশ বছর পরেও যদি কেউ ইতিহাসের পাতা খুলে তাহলে দেখবে যে বাংলাদেশ প্রথম যে টেস্ট জিতেছে সেখানে আমিই ছিলাম ম্যান অব দ্য ম্যাচ। অবশ্যই এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার আর সত্যি কথা বলতে যে আসলে এখনো ১০ জানুয়ারি এসে পড়লে মনে হয় যে, আমি বাংলাদেশের জন্য কিছু করেছি।’

তবে এনাম জুনিয়রের আফসোস টেস্ট ক্রিকেটে এখনো বাংলাদেশের তেমন উন্নতি হয়নি। তাই বলছিলেন, ‘কখনো মনে হয়—হয়তো আমাদের ভুল, হয়তো আমরা সেভাবে স্ট্রাকচার গড়ে তুলতে পারিনি। যেভাবে আমরা এগোতে চেয়েছিলাম টেস্ট ক্রিকেটে সেভাবে পারিনি। অবশ্যই আমাদের উচিত ছিল আমাদের ধারাবাহিকভাবে টেস্ট ক্রিকেটটি ভালো খেলা। সেটা হয়ে ওঠেনি। আশা করব যে, আমরা আরো গুরুত্ব দেব লাল বল ক্রিকেটটাকে ভবিষ্যতে।’

তবে এনাম মনে করেন না যে, বাংলাদেশের খেলোয়াড়দের স্কিলে ঘাটতি আছে। তিনি বরং বলছিলেন, ‘অবশ্যই আমাদের স্কিলের অভাব নেই বাংলাদেশে। আমাদের ট্যালেন্টেরও অভাব নেই। হয়তো আমরা সেভাবে কাজে লাগাতে পারিনি এবং সেভাবে আমাদের স্ট্রাকচারটি গড়ে তুলতে পারিনি।’

অবশ্য রাজিন মনে করেন, বাংলাদেশ এখনো এতটা সময় টেস্টে পার করেনি যে, তাদের সমালোচনা করা উচিত। তিনি বলছিলেন, ‘আমি মনে করি অন্যভাবে। দেখেন ভারত কতো বছর টেস্ট খেলেছে? অস্ট্রেলিয়ারা কত বছর টেস্ট খেলেছ? আমরা মাত্র ১৫ বছর (১৯ বছর) টেস্ট খেলেছি। আর এখন বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং দেখেন। আমরা আগে কোথায় ছিলাম আর এখন কোথায়? বাংলাদেশ অনেক এগিয়েছে। আমি আশা করি আগামীতে বাংলাদেশ টেস্টে অনেক ভালো করবে এবং আরো এগোবে। আমি মনে করি এখনই অনেক এগিয়েছে।’

রাজিন মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজটা একটু বেশি খারাপ হয়েছে। নইলে বাংলাদেশ ভালো পারফরম্যান্সের মধ্যেই আছে, ‘ভারতের বিপক্ষে যে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ, সেখানে একটু বেশি খারাপ খেলে ফেলেছে। আমি মনে করি, টেস্টে আরো এগোনো উচিত বাংলাদেশের। খেলা আরো উন্নতি করা উচিত এবং আমি মনে করি সামনে খেলোয়াড়রা সেটা করতে পারবেন এবং ম্যানেজমেন্টও তা নিয়ে চিন্তা ভাবনা করছে।’

বর্তমান অবস্থা যা হোক, সেই জয়ের কথা এখনো ভুলতে পারেন না রাজিন। মনে করতে গিয়ে বলছিলেন, ‘আমরা যখন বন্ধু-বান্ধব এক সাথে হই, আবার যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে বাংলাদেশ—তখন অনেক মনে পড়ে। তখন ভাবি, এদের সঙ্গে আমরা টেস্ট জিতেছিলাম। এটা ঐতিহাসিক আমাদের কাছে, কারণ ওটা ছিল প্রথম টেস্ট জয়। বাংলাদেশের ক্রিকেটকে কিছু দিতে পেরেছি, যে কারণে নিজেকে অনেক গর্বিত মনে করি।’