শোয়েব হতে চান আকিফ

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

সম্প্রতি মোহাম্মদ হাফিজকে অসাধারণ এক বলে বোল্ড করে অনেকের নজর কেড়েছেন। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অন্যতম বড়ো তারকা আকিফ জাভেদ। নামের সঙ্গে সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদের মিল থাকলেও এই তরুণ ফাস্ট বোলার বলছেন, তিনি শোয়েব আখতারের মতো হতে চান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে আকিফ বলেছেন, ‘আমি শোয়েব আখতারের মতো সবচেয়ে গতিশীল হতে চাই। আমার সবচেয়ে জোরের বলটা ছিল ১৪৫ কিলোমিটারে। কিন্তু আমার লক্ষ্য আরো জোরে বল করা এবং ক্রিকেট ইতিহাসের অংশ হওয়া।’

বাবার সঙ্গে দোকানের কাজ করে ফাঁকে ফাঁকে পাওয়া সুযোগে ক্রিকেট শিখেছেন আকিফ। তিনি বলছিলেন, ‘আমি বাবার সঙ্গে একটা দোকানে কাজ করতাম। ফাঁকে ফাঁকে ক্রিকেটে মনোযোগ দিয়েছি। আমার মনে একটা ব্যাপারই ছিল, সেটা হলো ক্রিকেট।’