বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ইত্তেফাক ডেস্ক
সাড়ম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল জাতি। সারা দেশে গতকাল শুক্রবার জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। একই সঙ্গে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। প্রথমে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রথম ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর পরপরই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ মো. মইদুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া পেশাজীবী পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পিরোজপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপনের লক্ষ্যে পিরোজপুরে গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের ওপর মুক্ত আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়। এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিকালে সেখানে ক্ষণগণনা যন্ত্রের উদ্বোধন ও সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনালেখ্যর ওপর ভিডিও চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের কাউন্ট ডাউন উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা লীগ, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্বাচিত অফিসার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটি, গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শ্রমজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
খুলনা : খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ও প্রথম প্রহরে মুজিববর্ষের অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ১৯২০ জন শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম ও সহস্রাধিক মুক্তিযোদ্ধার কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গভীর আবেগ ও ভাবগম্ভীর আবহের জন্ম দেয়। অনুষ্ঠানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার শপথ পাঠ করান বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি।
খাগড়াছড়ি : খাগড়াছড়িতে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষের ক্ষণগণনা এবং নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের মাটিতে জাতির জনকের ফিরে আসার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল শুক্রবার চট্টগ্রামে দিনভর ব্যাপক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। চট্টগ্রামে কাউন্টডাউন ক্লক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় গতকাল বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে।
নোয়াখালী :গতকাল শুক্রবার জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’-এর ক্ষণ গণনা উত্সব উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এ উত্সবে জেলা শহর মাইজদীতে প্রায় দুই কিলোমিটার জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
কুমিল্লা :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টার দিকে নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজশাহী : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলগেটের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করেন। এসময় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর মুস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রক্টর লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়পুরহাট : জয়পুরহাটে বঙ্গবন্ধু মুজিব শতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে শুক্রবার শহিদ ডা. আবুল কাশেম ময়দানে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির মুজিব শতবর্ষ উদ্যাপনের অংশ হিসাবে শহিদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন।
শেরপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও তার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে দেশব্যাপী ক্ষণগণনা কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরেও উত্সবের শুভ সূচনা করা হয়েছে। এ উপলক্ষ্যে বাদজুমা সকল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শরীয়তপুর : শুক্রবার সকালে শরীয়তপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
রংপুর :রংপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রথম প্রহরের কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ভোরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় এসব কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে মুজিববর্ষের ঘড়ি উদ্বোধন করা হয়।
মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে, গাংনী উপজেলা পরিষদ চত্বরে এবং মুজিবনগর আম্রকানে একই সঙ্গে ক্ষণগণনার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ঝিনাইদহ, নেত্রকোনা, বাগেরহাট, পঞ্চগড়, নাটোর, পাবনার বেড়া, জয়পুরহাটের পাঁচবিবি, ময়মনসিংহের গৌরিপুর, শরীয়তপুরের নারিয়া, কক্সবাজারের রামু, নওগাঁর নিয়ামতপুর, সাপাহার, পত্নীতলা, বদলগাছী ও রাণীনগরে, গোপালগঞ্জের কোটালীপাড়া, শেরপুরের নকলা, বরগুনার বামনা, নেত্রকোনার মদন, জামালপুরের মেলান্দহ, কুষ্টিয়ার ভেড়ামারা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, ভোলার মনপুরা, টাঙ্গাইলের নাগরপুর ও ভূঞ্চাপুর, বরিশালের আগৈলঝাড়া, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, পটুয়াখালীর মীর্জাগঞ্জ ও দুমকি, পঞ্চগড়ের দেবীগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, রাজশাহীর গোদাগাড়ী, দিনাজপুরের কাহারোল উপজেলায় নানা কর্মসূচিতে স্বদেশ প্রত্যাবর্তন উদ্যাপিত হয়েছে।
