টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বাবুল মুন্সী (৪৫) নামে একজন মারা গেছেন। উভয়পক্ষের আহত হয়েছে অন্তত আরো ২০ জন। শুক্রবার সকালে উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাবুল মুন্সী উক্ত গ্রামের মজিত মুন্সীর ছেলে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে।
আহতদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় হাসান শেখ (৩৫) ও কহিনুর খালাশীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষের অর্ধশতাধিক ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে ওসি খোন্দকার শওকত জাহান জানান, এ পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকেই মামলা দায়ের হয়নি।
