হবিগঞ্জ প্রতিনিধি
চুনারঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি শামীম আহমেদ মামুনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। গ্রেফতারকৃত মামুন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাতাসর গ্রামের মকসুদ আলীর ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার ভোরে মামুনকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এর আগে বুধবার ঐ কলেজছাত্রী বাদী হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
