আমতলীতে পাঁচ
দোকান পুড়ে ছাই
আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলী পৌর শহরে এক অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে কলেজ সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে মেসার্স তাজ সুজ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০ বছর
পূর্তি উদ্যাপন কমিটি গঠন
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের মাসিক সভা বৃহস্পতিবার প্রেসক্লাবের কাঁটাবাড়ীস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপু এতে সভাপতিত্ব করেন। সভায় আগামী ৬ নভেম্বর ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম বর্ষপূতি উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিক আজিজুল হক সরকারকে আহ্বায়ক এবং ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য চন্দ্রনাথ গুপ্তকে সদস্য সচিব মনোনিত করে ৯ সদস্যের ফুলবাড়ী প্রেসক্লাবের ৪০তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি গঠন করা হয়।
সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির
সভাপতি শহীদুল-সম্পাদক ইব্রাহিম
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মো. শহীদুল ইসলাম সভাপতি ও মো. ইব্রাহিম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। শহীদুল ইসলাম উপজেলার গোহাইলবাড়ী আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাধারণ সম্পাদক পদে জয়ী মো. ইব্রাহিম হোসেন উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নির্বাচনে বিভিন্ন পদ থাকলেও শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হয়।
নাটোরে শিক্ষার্থী হত্যাকারীর
গ্রেফতার দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি নাটোরের রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (RSTU) শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে নাটোর শহরের চকরামপুর এলাকায় বিশ্ববিদ্যালয়টির সামনে নাটোর-পাবনা মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার কে এম আব্দুল মোমিন, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী প্রমুখ।
০
