গণপরিবহনে থাকবে সিসি ক্যামেরা প্রতি রুটে ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। একই সঙ্গে এ বছর ৫০টি ও পরবর্তীতে ১৫০টি গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। সিসি ক্যামেরার যোগ থাকবে অ্যাপ্সের সঙ্গেও। কর্মসূচিটি চারটি এলাকায় বাস্তবায়িত হবে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে দিপ্ত ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও দিপ্ত ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনে প্রতিটি রুটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গণপরিবহনে এসব ভ্রাম্যমাণ আদালতের ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা থাকবে। পর্যায়ক্রমে সকল গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সরকার নারীর ক্ষমতায়ন, উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারী উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। সাম্প্র্রতিক সময়ে বাংলাদেশে নারীর ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কিন্তু কর্মস্থলে যাতায়াতের পথে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এটা এখনই বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘নীতি নৈতিকতা বিবর্জিত বিকৃতমস্তিষ্ক ও বিকৃত মানসিকতার অধিকারীরাই নারী নির্যাতনকারী ও ধর্ষক। তাদের বিরুদ্ধে নারী সমাজকে প্রতিবাদী হতে হবে। নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ইভটিজিং-এর বিরুদ্ধে দেশে আইন রয়েছে। আইনের কার্যকরী প্রয়োগের পাশাপাশি সন্তানদের পরিবার থেকে নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে।’

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যারোমা দত্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মহসিন চৌধুরী এবং দিপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া হাসান। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি পরিচালক মো. ইয়ামিন খান। দিপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া হাসান বলেন, গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন কর্মসূচিটি আপাতত চারটি এলাকায় বাস্তবায়িত হবে।