জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পর আজ প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট এ সমাবর্তনে অংশগ্রহণ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাক গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।
এছাড়া সমাবর্তন অনুষ্ঠান শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে চারুকলা বিভাগের প্রদর্শনী, নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশনা, সংগীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠান এবং বিশিষ্ট সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গানের কনসার্ট অনুষ্ঠান। বিকাল ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী, দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় থাকবে পাঁচটি নাটক। এছাড়া কলা ভবন সংলগ্ন কাঁঠালতলায় বিকাল ৩টা থেকে সংগীত বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সংগীত পরিবেশনা এবং বিকাল ৪টা থেকে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গানের কনসার্ট অনুষ্ঠিত হবে।
