পারিবারিক কলহের জের
ইত্তেফাক রিপোর্ট
টঙ্গী এলাকা থেকে গত মঙ্গলবার আশরাফুল (৮) নামে একটি শিশু অপহূত হয়। বৃহস্পতিবার রাতে শিশুটি উদ্ধার হয়। এরপরই র্যাব জানতে পারে অপহরণকারীর নাম। গতকাল শুক্রবার সকালে রানা মিয়া নামের ঐ অপহরণকারী গ্রেফতার হয়েছে।
দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. আশরাফুল। বাবা-মা ও ফুফুর সঙ্গে থাকে টঙ্গীর এরশাদনগর এলাকায়। প্রায় দুই বছর আগে তার ফুফুর সঙ্গে বিয়ে হয় রানা মিয়ার। কিছু দিন সংসার করার পর তাদের বিচ্ছেদ ঘটে। এর পর থেকেই রানা মিয়া শিশু আশরাফুল পরিবারের সঙ্গে লেগেই রয়েছে। একপর্যায়ে শিশু আশরাফুলকে গত ৭ জানুয়ারি কৌশলে তুলে নিয়ে যায় রানাসহ কয়েকজন। এরপর ওই শিশুর পরিবারের কাছ থেকে মোবাইলে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ না দিলে আশরাফুলকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পরের দিন শিশুটির পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা করে। মামলার পর র্যাব ও পুলিশের তত্পরতায় অপহরণকারীরা শিশু আশরাফকে মহাখালী রেললাইনে ফেলে যায়। পুলিশ বৃহস্পতিবার শিশুটি উদ্ধার করে জানতে পারে তার সাবেক ফুফা তাকে অপহরণ করে।
