বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
নগর ভবনের সামনে জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় ক্ষণগণনার ডিজিটাল ডিভাইস স্থাপন করা হয়। দুপুর থেকে নগর ভবনের সামনের চত্ব্বরে জড়ো হতে থাকে সর্বস্তরের মানুষ। বিকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিববর্ষ ক্ষণগণনা উপলক্ষ্যে ঢাকার অনুষ্ঠান এখানে সরাসরি সম্প্রচার করা হয়।
এই উপলক্ষ্যে সেখানে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বরিশালে লেজার শো, সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আতশবাজি অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হয়।
এছাড়া আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি করপোরেশন মুজিবশতবর্ষ উপলক্ষ্যে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে। এসময় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গীর, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
