সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও অন্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ একটি অবিচ্ছিন্ন নাম। বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ছিল বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলব। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ফরিদপুর-৪ আসনের তিন উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাব।’
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি কাউন্টডাউনের সুইচ টিপে ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরভদ্রাসনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ক্ষণগণনা শুরু হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ খোলা মঞ্চে প্রধান অতিথি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর পূর্বে যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে সকাল হতে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে ঐ দিন সকালে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই জন ক্যানসার রোগীর চিকিত্সা বাবদ ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়। একই দিন মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলার গাজীরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন যুব মহিলাকে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জেসমিন সুলতানা ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা।
