আরেকজন এখনো নিখোঁজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ও সিরাজদিখান সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী মেহেদি হাসান জিসানের (৩৫) মরদেহ গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে উদ্ধার করেছে পুলিশ। জিসান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। গতকাল দুপুরে সিরাজদিখানের পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে জিসানের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন জানান, জিসানের বাম পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত ক্ষতবিক্ষত ও কপালে কাটা দাগের চিহ্ন আছে। পরিবারের সদস্যরা জিসানের মরদেহ চিহ্নিত করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
ফতুল্লা থানার বক্তাবলী এলাকায় ৬ জানুয়ারী বুড়িগঙ্গা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন প্রকৌশলী মেহেদী হাসান জিসান ও লিখন (৩২)। গতকাল ধলেশ্বরী নদীতে জিসানের লাশ পাওয়া গেলেও লিখন এখনো নিখোঁজ রয়েছেন। লিখনের বাড়ি ফরিদপুরে ।
পুলিশ জানায়, প্রকৌশলী জিসান ও লিখন সাভারের আশুলিয়া থানায় ‘বাংলা ক্যাট’ নামের একটি ভেকু কোম্পানিতে চাকরি করতেন। গত ৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে কোম্পানির কাজ শেষ করে ভোর সাড়ে ৫টার দিকে ট্রলারে তারা বুড়িগঙ্গা নদী পার হচ্ছিলেন। একপর্যায়ে একটি লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগলে দুজনেই নদীতে পড়ে নিখোঁজ হন।
