ঢাকা দক্ষিণে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এক পথসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় শুরু করেছেন। নৌকা প্রতীক পেয়ে শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে তাপস ডেমরার আমুলিয়া মডেল টাউনের ই হক স্কুলের সামনে পথসভায় প্রচার শুরু করেন। পথসভার পর এলাকার অলিতেগলিতে ঘরে ঘরে ঢুকে, দোকানে দোকানে গিয়ে নিজ হাতে লিফলেট বিতরণ করেন তিনি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে বুকে জড়িয়ে ধরে দোয়া ও নৌকার জন্য ভোট চান তিনি। এ সময় নৌকার প্রার্থীর সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে প্রচারণায় আলাদাভাবে দৃষ্টি কাড়েন এই প্রার্থী। দলে দলে মানুষ তাকে দেখতে আসে ও শুভেচ্ছা জানায়।
এ সময় শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমি ভোটারদের ঘরে ঘরে যেতে চাই। ভোটের আগে যেভাবে ঢাকাবাসী আমাকে পাবে, আমি বিজয়ী হলে এর কোনো পরিবর্তন হবে না। বিজয়ী হলে ঢাকা শহরকে সুন্দর করে গড়ে তুলব।
পথসভায় জনগণের কাছে গিয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে শেখ ফজলে নূর তাপস বলেন, ৩০ জানুয়ারি বিজয়কে সুনিশ্চিত করে প্রাণপ্রিয় ঢাকাকে ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা এবং উন্নত ঢাকা গড়ব। সেই উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আজ থেকে যাত্রা শুরু। জনগণের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, আপামর জনগণ সেবক হিসেবে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়ে এক সঙ্গে এই যাত্রায় শরিক হবেন। এ সময় কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে ৭০ নম্বর ওয়ার্ডের আতিকুর রহমান, ৬৯ ওয়ার্ডের হাবিবুর রহমান হাসু এবং সংরক্ষিত আসনে সেলিনা খানকে পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডেমরা থানার সভাপতি অ্যাডভোকেট মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল ও স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা তাপসের সঙ্গে ছিলেন।
এর আগে প্রতীক বুঝে পেয়ে তাপস ডেমরায় গেলে স্লোগান ও করতালিতে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পথসভার অস্থায়ী মঞ্চে উঠে তাপস গণসংযোগ উদ্বোধনের আগে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনকে, যাদের আত্মত্যাগে এসেছে মহান স্বাধীনতা। আমুলিয়া মডেল টাউন থেকে শুরু করে সারা দিন ডেমরা এলাকা চষে বেড়ান তাপস।
