আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলবে—এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। গতকাল শুক্রবার রাজধানীর এলেনবাড়ীতে সড়ক ও জনপথ অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সংস্কারকাজ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘দলীয়ভাবে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।’ প্রধানমন্ত্রী মন্ত্রীদের জানিয়ে দিয়েছেন কোনোভাবেই যেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না হয়।
ওবায়দুল কাদের বলেন, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি মন্ত্রী-এমপি হিসেবে আচরণবিধি মেনে চলছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখছি। লেভেল প্লেয়িং ফিল্ড কাকে বলে?’ বিএনপি মহাসচিব, তিনি প্রকাশ্যে জনসভা করতে পারবেন, নির্বাচনী প্রচারণা করতে পারবেন, গণসংযোগ করতে পারবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটা করতে পারবেন না। তিনি বলেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা এমপি, সে কারণে প্রচারে অংশ নিতে পারবেন না। সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ফিল্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেই। এটা কেমন সমতা?
পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের নির্বাচন প্রক্রিয়ার কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ত্রিপুরা, কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রীও প্রচারণায় অংশ নেন। পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশেও স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সড়কের ক্ষতি কমাতে ২৮টি লোড কন্ট্রোল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলেন জানান মন্ত্রী।
এর আগে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা। এই বিষবৃক্ষের মূলোত্পাটন করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’
