বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী ও এক ব্যাংক কর্মকর্তাসহ আট জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
রংপুর : রংপুরের বিভিন্ন স্থানে ২১ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। আটক হয়েছেন এক পিকআপ চালক। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেষ চন্দ্র জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় পীরগঞ্জের ফায়ার সার্ভিস এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মারা যান শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। মোটরসাইকেলে তিনি পীরগঞ্জ যাওয়ার পথে মহাসড়কে ওঠামাত্রই দ্রুতগামী ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি পার্শ্ববর্তী শানেরহাট এলাকার সোলায়মান আলীর পুত্র। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের সরুলিয়া গ্রামে জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় বিদ্ধ হয়ে তছির উদ্দিন (৬০) নামের এক কৃষক মারা যান। এদিকে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় রংপুর সদরের পালিচড়া নয়াপাড়ায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মারা যান রহমান (৫০) নামে এক শ্রমিক। এ সময় তিন শ্রমিক আহন হন। পরশুরাম থানার ওসি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বুড়িরহাট খামার এলাকায় পিকআপের ধাক্কায় গোলজার (৪০) নামে এক রিকশাচালক মারা যায়। এ সময় দুই রিকশা আরোহী আহত হয়। ঘটনাস্থল থেকে পিকআপ চালককে আটক করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় বাসের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে নগরী পাঁচলাইশ থানার মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকাম্মেল হক চৌধুরী (৫০) সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি এবি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত ছিলেন। মুরাদপুরের মোহাম্মদপুরেই তার বাসা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান, সকালে মোহাম্মদপুর মাজারের সামনে এস আলম পরিবহনের একটি বাস মোকাম্মেলকে চাপা দেয়। হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) : উপজেলায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় উম্মে হাবিবা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে দোহাজারীর দেওয়ানহাটের নাসির উদ্দিনের মেয়ে এবং নুরানী মাদ্রাসার ছাত্রী। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট মোড়ে একটি গাড়ি ধাক্কা দিলে সে মারা যায়।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকা রোডে গতকাল মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী আলামিন নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়। বড়ো আখিড়া গ্রামের হবিবর রহমানের ছেলে আলামিন, আব্দুল আলীম ও ফরহাদ হোসেন পূর্ব ঢাকা রোড নামক স্থান থেকে একটি অটোচার্জার ভ্যানে করে সান্তাহারে যাওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে। ওসি জালাল উদ্দীন এ তথ্য জানান।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহারে মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের সামনে অটোরিকশার ধাক্কায় সাজিদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে সাজিদ হত্যার বিচারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তার সহপাঠী ও এলাকাবাসী। সাজিদ মালিকান্দা গ্রামের মো. সিরাজ ও সাবিনা দম্পতির ছোটো ছেলে এবং ফাস্ট গ্লোরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মালিকান্দা রাস্তা পাড় হওয়ার সময় ইঞ্জিনচালিত একটি অটোরিকশা ধাক্কা দিলে সাজিদ রাস্তায় পড়ে যায়। এ সময় অটোরিকশার চাকা সাজিদের মাথার ওপর দিয়ে চলে যায়।
