বিপিএল

সেরা চারে গেলো খুলনা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০১:৩১

কুমিল্লা ওয়ারিয়র্সের ধিকি ধিকি করে জ্বলতে থাকা স্বপ্নটা টিকিয়ে রাখতে গতকাল জয় দরকার ছিলো খুলনা টাইগার্সের বিপক্ষে। সে ক্ষেত্রে দু্ই দলের পয়েন্ট সমান হতো। শেষ ম্যাচেও খুলনা হারলে রানরেটে একটা সম্ভাবনা ছিলো। কিন্তু সব সম্ভাবনা উড়িয়ে দিলো মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাট।

কুমিল্লাকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করলো খুলনা। ফলে প্লে অফের চার দলই ঠিক হয়ে গেলো—চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, ঢাকা প্লাটুন্স ও রাজশাহী রয়্যালস।

আগে ব্যাট করা খুলনা শুরুতেই বিপদে পড়েছিলো মাত্র ২ রানে হারিয়েছিলো তারা প্রথম উইকেট। এরপর ২৪ রান করে ফিরে আসেন রাইলি রুশো। আর এখান থেকে ভয়ানক এক পাল্টা আক্রমণ করেন মিরাজ ও মুশফিক। মিরাজ ৪৫ বলে ৭৪ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। মুশফিক আবারও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। এবার অপরাজিত ছিলেন ৯৮ রানে। ২ উইকেটে ২১৮ রান করে খুলনা।

জবাব দিতে নেমে শুরুতেই আমিরের বলে এলোমেলো হয়ে যায় কুমিল্লার ব্যাটিং। সর্বোচ্চ ৩২ রান করেন উপল থারাঙ্গা। এ ছাড়া কেউ প্রতিরোধ করতে পারেননি। শহীদুল ইসলাম তিনটি এবং আমির ও আমিনুল ২টি করে উইকেট নেন। ৯ উইকেটে ১২৬ রান করে কুমিল্লা।