গুলশানে জনসভায় প্রধানমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

রাজধানীর গুলশানে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকাল ৩টা ৪৪ মিনিটে ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। 

গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন। গুলশানের সড়কে ছোট ছোট দলে স্লোগান দিয়ে জনসভায় অংশ নেন নেতাকর্মীরা। 

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্ব বেলা তিনটায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় নেতারা মঞ্চে উঠে বক্তব্য দেন। তারা ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।

আরো পড়ুন: ফের বিয়ে করতে চলেছেন পুতিন!

গুলশান এলাকায় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফারুক আকবর হোসেন।

এর আগে বৃহস্পতিবার ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

শনিবার সিলেটে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রবিবার রংপুরে ও সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। 

ইত্তেফাক/জেডএইচ