মাদ্রিদ ডার্বি এবার সৌদিতে

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৫

সুপারকোপার

ফাইনাল

আজ

 স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ রাজধানীর বাইরে মাদ্রিদ ডার্বি বিরল ঘটনা। তাই আজ রবিবার রাতে সৌদি আরবে হতে যাওয়া রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার সুপারকোপা দে এস্পানার এ ফাইনালটি কিছু অভিনবও বটে। রিয়াল ও অ্যাটলেটিকো বিদেশে লড়লেও ধারণা করা হচ্ছে দল দুটির সমর্থকদের মধ্যকার উত্তেজনা একই রকমই থাকবে। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে চার দলের এ লড়াইয়ে কোচ জিনেদিন জিদানের রিয়াল কোপা দেল রে চ্যাম্পিয়ন ভ্যালেন্সিয়াকে এবং অ্যাটলেটিকো লা লিগার শিরোপাধারী বার্সেলোনাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয়।

সৌদি আরবে স্পেনের এ প্রতিযোগিতা আয়োজন নিয়ে অনেক সমালোচনা আছে। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে তো বলেই ফেলেন যে অর্থের জন্যই তারা সেখানে খেলতে গেছেন। এখন লন্ডনের ডেইলি মেইল পত্রিকা জানাচ্ছে সৌদিরা এ টুর্নামেন্টটির জন্য তিন বছরের চুক্তিতে ১০২ মিলিয়ন পাউন্ড দিয়েছে। তারপরও ধারণা করা হচ্ছে ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতামূলকই হবে। কারণ কোচ জিদানের অধীনে রিয়াল ধারাবাহিকতায় ফিরেছে। তার প্রমাণ সব ধরনের প্রতিযোগিতায় দলটির ১৫ খেলায় অপরাজিত থাকা। এছাড়াও লা লিগায় ১৯ খেলায় কেবল একটিতে হেরেছে জিদানের দল। ক্যাসেমিরো জানিয়েছেন এ ফাইনালটি হবে কঠিন কিন্তু চিত্তাকর্ষক। তিনি রিয়াল মাদ্রিদের টিভিকে বলেন, ‘আমি জানি অ্যাটলেটিকোকে হারাতে হলে দরকার নিবিড়ভাবে ভালো খেলা এবং খেলাটিতে নিয়ন্ত্রণ রাখা। এ জন্য সবাইকে সবকিছু ঠিকমতো করতে হবে। উভয় দলই ফাইনালে এসেছে, কারণ আমরা এ যোগ্যতা অর্জন করেছি।’

তা রিয়ালের সাম্প্রতিক নৈপুণ্য যাই হোক, এসব ডার্বি লড়াইয়ের সময় খুব বেশি কাজে আসে না। অ্যাটলেটিকো তাই আজ লড়াইয়ে নামার সময় রিয়ালের সাম্প্রতিক নৈপুণ্যের দিকে বেশি মনোযোগ দেবে না। কোচ দিয়েগো সিমিওনির দলটি বার্সেলোনার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে খুব কম সময়েই বল নিজেদের পায়ে রাখতে পেরেছিল। কিন্তু পাল্টা আক্রমণের জন্য সুবিদিত অ্যাটলেটিকো শেষ ১০ মিনিটে দুই গোল করে জয় তুলে নেয়। আলভারো মোরাতা ও অ্যাঞ্জেল কোরেয়া ছিলেন লা লিগা চ্যাম্পিয়নদের  বিরুদ্ধে সাফল্যের রূপকার। সন্দেহ নেই ফরোয়ার্ডদ্বয় রিয়ালের বিরুদ্ধেও তাদের সে নৈপুণ্যের পুনরাবৃত্তি করতে চাইবেন।

নিজেদের ইতিহাসে অ্যাটলেটিকো কেবল দুবার সুপারকোপা জিতেছে। রিয়াল সেক্ষেত্রে ১১তম ট্রফির জন্য মাঠে নামবে আজ।