শাহীন একাডেমি ও ভুবঞ্জয় স্কুলের শিরোপা জয়

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৭

চট্টগ্রাম উপ-অঞ্চলের শীতকালীন  ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ফেনীর শাহীন একাডেমি ও রাঙ্গামাটির ভুবঞ্জয় সরকারি স্কুল চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম শীতকালীন ক্রীড়ার ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার নাসিরাবাদ সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত বালক গ্রুপের ফাইনালে ফেনীর এই প্রতিষ্ঠান ২২ রানে চকরিয়ার কোরক বিদ্যাপীঠকে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা গ্রুপের ফাইনালে ভুবঞ্জয় সরকারি স্কুল ৪ রানে মহালছড়ি আদর্শ বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে সকালে হকির ফাইনালে কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ৪-০ গোলে নোয়াখালী জিলা স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপপরিচালক ভংগাজী গোলাম মাওলা বিশেষ অতিথি ছিলেন।

নাসিরাবাদ সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে এবং স্কুলের ক্রীড়াশিক্ষক দেবাশীষ নন্দীর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব রূপন দে।