মূল আলোচ্য টাইগারদের পাকিস্তান সফর

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৭

বিসিবির বোর্ড সভা আজ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সপ্তম সভা অনুষ্ঠিত হবে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালকদের বোর্ড সভা শুরু হবে বেলা ৩টায়। প্রায় ছয় মাস পর বোর্ড সভায় বসতে যাচ্ছেন পরিচালকরা। গত জুলাইয়ে সর্বশেষ বোর্ড অনুষ্ঠিত হয়েছিল।

বড়ো বিরতি পড়ায় আজকের বোর্ড সভা নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের বিষয়টি। বোর্ড সভার মূল আলোচ্যও হবে এটি। অনেক আলাপ-আলোচনা, কথা চালাচালি, প্রস্তাব বিনিময় হয়েছে দুই বোর্ডের (বিসিবি-পিসিবি) মধ্যে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। যদিও প্রাথমিক সূচি অনুযায়ী টাইগারদের এই সফর বেশ সন্নিকটে। চলতি মাসে বিপিএলের পরপরই পাকিস্তানে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের।

পাকিস্তানে দুটি টেস্ট, তিনটি টি-২০ খেলার কথা বাংলাদেশের। এত লম্বা সময় পাকিস্তানে থাকতে চায় না বাংলাদেশ দল। তাই শুধু টি-২০ খেলেই ফিরতে চেয়েছিল টাইগাররা। পরে দুই টেস্ট নিরপক্ষে ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেয় বিসিবি। কিন্তু পিসিবি অনড় হোম সিরিজ দেশের মাটিতে খেলতে। সর্বশেষ পিসিবি চেয়েছে, দুটি টেস্টই এখন খেলতে, পরে টি-২০। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে। আজ বোর্ড সভার মাধ্যমেই বিসিবির অবস্থান পরিষ্কার জানা যাবে।

গতকাল বিসিবির এক পরিচালক বলেছেন, ‘ঠিক কি হবে, এখনো বলতে পারছি না। বোর্ড সভাপতি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। বিষয়টি বোর্ড সভায় আলোচনা হবে।’

অবশ্য বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কথায় উলটো সুর আছে। তিনি বলেছেন, আজ বোর্ড সভা থেকে সিদ্ধান্ত আসবে কিনা বলা কঠিন। পাকিস্তান সফর নিয়ে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ‘বলা মুশকিল। যেহেতু অনেকগুলো অপশন আছে। তাই সব কিছুর সিদ্ধান্ত কাল (আজ) নেওয়া হবে কিনা সেটা বলা মুশকিল। হতেও পারে, নাও হতে পারে।’

নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে বিসিবি। এদিকে গত ১০ জানুয়ারি পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে, আহত ১৯ জন। যদিও পিসিবির দাবি নিরাপত্তার ঘাটতি নেই পাকিস্তানে।

জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের প্রধান বিষয় হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা। আমরা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিব। যেটাই নিয়ে থাকি আমরা।’

সফর নিয়ে নানামুখী প্রস্তাব দিচ্ছে দুই বোর্ড। তবে সংক্ষিপ্ত সফর করার প্রস্তাবে স্থির রয়েছে বিসিবি। গতকাল জালাল ইউনুস বলেছেন, ‘হ্যাঁ এখান থেকে প্রস্তাব গেছে। আবার ঐখান থেকেও অনেক রকম প্রস্তাব এসেছে। আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা যত কম সময় খেলে সেখান থেকে আসতে পারি। এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেইনি। বোর্ড সভাপতিসহ কালকে (আজ) বোর্ড মিটিংয়ে সব অপশন নিয়ে আলাপ-আলোচনা হবে। সেখান থেকে যেটা সেরা অপশন থাকে, সেটাই পিসিবিকে জানাব।’

আজ বোর্ড সভায় নতুন বছরে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হবে। ২০২০ সালের এফটিপিতে বাংলাদেশের সিরিজগুলো, পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিষয় নিয়ে কথা হবে বোর্ড সভায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হবে আজ। এছাড়া বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ চূড়ান্ত হতে পারে বোর্ড সভায়। যে দৌড়ে এগিয়ে আছেন ওটিস গিবসন।