অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে আনুষ্ঠানিক ম্যাচ শুরুর আগে দুটো অনানুষ্ঠানিক ও দুটি আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচ খেলার কথা বাংলাদেশের। প্রথম অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। গতকাল দ্বিতীয় অনুশীলন ম্যাচে ২০১৯ রানে বাংলাদেশ দল হারিয়েছে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি একাদশকে।
১৩ ও ১৫ জানুয়ারি দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রিটোরিয়াতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ও জোহানেসবার্গে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলা।
গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচ যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ম্যাচ তিনটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ যথাক্রমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তিনটি ম্যাচই হবে পচেফস্ট্রুমে।
গতকাল নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৭৪ রানের বিশাল স্কোর করে আকবর আলীর দল। মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া তৌহিদ হূদয় ৫২ ও জয় ৫৯ রান করেন। জবাবে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি ১৫৫ রানে অলআউট হয় ৪১.৪ ওভারে। রাকিবুল ৩টি উইকেট নেন।
